অনলাইনে আবেদনপ্রক্রিয়া যেভাবে
অনলাইনে শিক্ষার্থীরা ভর্তির আবেদন করবেন। ১৫০ টাকা ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির পছন্দক্রম দেওয়া যাবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে তার মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে প্রকাশিত ফলাফলে।
.png)
যেভাবে গ্রুপ নির্বাচন
বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণরা এ দুই গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। দাখিল উত্তীর্ণ বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি ও সাধারণ গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না, শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।
তিন ধাপে আবেদন ও ফল প্রকাশ
প্রথম ধাপে অনলাইনে একাদশে ভর্তির আবেদন চলবে ১০ থেকে ২০ আগস্ট। তবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইন আবেদন ও কল সেন্টার বন্ধ থাকবে। ২১ থেকে ২৪ আগস্ট আবেদন যাচাই–বাছাই করা হবে। ৩১ আগস্ট পুনর্নিরীক্ষণের আবেদন করে ফল বদলানো শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে। আগামী ৫ সেপ্টেম্বর রাত ৮টায় প্রথম ধাপের ফল প্রকাশ হবে। ৭ থেকে ১০ সেপ্টেম্বর নির্বাচনে নিশ্চায়নের সুযোগ পাবেন প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা।
১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত দ্বিতীয় ধাপের আবেদন নিয়ে ফল প্রকাশ করা হতে পারে ১৬ সেপ্টেম্বর। একই দিন রাত ৮টায় প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ১৭ ও ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে নির্বাচিতরা নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন। আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে।
গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ১১ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। উত্তীর্ণ শিক্ষার্থীরা এখন একাদশ শ্রেণিতে ভর্তির চেষ্টা করবে।