গত ১০ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে অনলাইনে আবেদন শুরু হয়। মাঝে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে একদিন অনলাইনে এ আবেদন প্রক্রিয়া ও সব সার্ভিস সেন্টার বন্ধ ছিল। অর্থাৎ শিক্ষার্থীরা প্রথম ধাপে ১০ দিন আবেদনের সুযোগ পেয়েছেন।
তবে এসএসসির ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীরা চূড়ান্ত ফলাফল পাওয়ার পর প্রথম ধাপে একদিন আবেদনের সুযোগ পাবেন। আগামী ২৮ আগস্ট পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এরপর ৩১ আগস্ট পুনঃনিরীক্ষণ করা শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে।
.png)
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বায়ক কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ‘যেসব শিক্ষার্থী ফি পরিশোধ করেছে, তারা হয়ত সবাই ফরম পূরণ করে ফেলবে। আমার ধারণা- এ বছর এসএসসি পাস করা প্রায় সব শিক্ষার্থী আবেদন করে ফেলেছে।’
তিনি বলেন, ‘হ্যাঁ, এখনো যে চার লাখ শিক্ষার্থীর আবেদন আমরা পাইনি, তাদের অধিকাংশই ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। পুনঃনিরীক্ষণের ফল পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা। ফল প্রকাশের পরই তারা একাদশে ভর্তির জন্য আবেদন করবে বলে আশা করছি।’
গত ২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এর মধ্যে সাড়ে ৩ লাখেরও বেশি শিক্ষার্থী প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট নয়। তারা এ ফল চ্যালেঞ্জ করে আবেদন করেছেন। পুনঃনিরীক্ষণের ফলাফলের অপেক্ষায় রয়েছেন এসব শিক্ষার্থী।