পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িচালক গ্রেফতার
বৈরী প্রতিবেশি দেশ পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
গোয়েন্দা সূত্র বলছে, মন্ত্রণালয়ের একজন গাড়ি চালক হানি ট্র্যাপের শিকার হয়েছেন। শুক্রবার তাকে গ্রেফতার করে সামগ্রিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশের তদন্তকারী কর্মকর্তারা।
.png)
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা চাকরি করেন তাদের ওপর নজর রাখছিল একটি নিরাপত্তা এজেন্সি। সম্প্রতি ওই গাড়িচালকের কাজকর্মে এজেন্সির কর্মীদের সন্দেহ হয়। বিষয়টি জানানো হয় পুলিশকে। পরে দিল্লির জওহরলাল ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযোগ, পুনম শর্মা ওরফে পূজা নামে এক নারীর সঙ্গে যোগাযোগ ছিল অভিযুক্ত ওই গাড়িচালকের। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কথা হতো দু’জনের। পরবর্তীতে নারীসঙ্গের লোভ বা হানি ট্র্যাপের শিকার হন তিনি।
আরো পড়ুন>> শ্রবণশক্তি হারানোর ঝুঁকিতে বিশ্বের ১০০ কোটি তরুণ-তরুণী
ঘটনার ধারাবাহিকতায় ওই নারীর কাছে সরকারি গোপন তথ্য ও নথিপত্র পাচার করছিলেন তিনি। মূলত নারী বেশে পাকিস্তানি চর তাকে মোটা অঙ্কের টাকার প্রলোভনে ফেলে এই কাজ করায়।
গ্রেফতার হওয়া ওই গাড়ি চালকের বিরুদ্ধে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন তথ্যও পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছে। এরইমধ্যে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলা করা হয়েছে।
এর আগেও পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হানি ট্র্যাপের ফাঁদে পা দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে ভারতের একাধিক সেনা জওয়ান। গত মাসেই পাকিস্তানি গুপ্তচরদের কাছে তথ্য পাচারের অভিযোগে রবিপ্রকাশ মীনা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ। ওই ব্যক্তি দিল্লির সেনা ভবনে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন গোয়েন্দারা।