ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ছোট উড়োজাহাজ দুর্ঘটনায় ওয়াশিংটন ডিসিতে বিদ্যুৎ বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৪, ২৮ নভেম্বর ২০২২
ছোট উড়োজাহাজ দুর্ঘটনায় ওয়াশিংটন ডিসিতে বিদ্যুৎ বিপর্যয়
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি উচ্চ-ভোল্টেজ সম্পন্ন বৈদ্যুতিক লাইনে ‘মুনি এম২০জে’ মডেলের একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসির আশপাশের এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ছোট ঐ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে প্রায় ৩০ মাইল উত্তরে একটি ছোট উড়োজাহাজ উচ্চ-ভোল্টেজ সম্পন্ন বৈদ্যুতিক লাইনে বিধ্বস্ত হলে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় ঘটে। উদ্ধার পরিষেবাগুলো রাত পর্যন্ত কাজ করেও উড়োজাহাজটিতে থাকা দুই ব্যক্তিকে উদ্ধার করতে পারেনি। ঐ দুই আরোহী এখনো তারের মধ্যে আটকে আছে।

রয়টার্স বলছে, মন্টগোমারি কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস থেকে পাওয়া তথ্যানুসারে, মেরিল্যান্ডের মন্টগোমারি ভিলেজে কুয়াশা ও ভেজা আবহাওয়ায় উড়োজাহাজটি মাটি থেকে প্রায় ১০০ ফুট ওপরে বিদ্যুতের লাইনে আটকে যায়। উড়োজাহাজ দুর্ঘটনার ফলে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় ঘটে। 

Advertisement

ওয়াশিংটন-অঞ্চলে ইউটিলিটি সেবাদানকারী কোম্পানি পেপকোর তথ্যানুযায়ী, উড়োজাহাজ দুর্ঘটনার কারণে ১ লাখ ২০ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছেন। এ সময় রাস্তাও বন্ধ ছিল এবং ঐ এলাকার অনেক ট্রাফিক লাইট নিভে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুর্ঘটনাকবলিত প্লেনের ভেতরে দুজন আরোহী রয়েছেন। দুর্ঘটনার পর তারা বেঁচে থাকলেও সেখানে আটকা পড়েছেন।

মন্টগোমারি কাউন্টি ফায়ার চিফ স্কট গোল্ডস্টেইন বলেন, উদ্ধারকারী কর্মকর্তারা নিয়মিত বিরতিতে তাদের সেল ফোনে কল করে বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি প্লেনের যাত্রীদের অবস্থা বর্ণনা করতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি।

গোল্ডস্টেইন বলেন, যাত্রীদের সরিয়ে নেয়ার আগে প্লেনটিকে বৈদ্যুতিক টাওয়ারে সুরক্ষিত করতে হবে। তিনি বলেন, স্থানীয় কোম্পানির দেওয়া একটি ‘বেশ বড় ক্রেন’ ঘটনাস্থলে রয়েছে এবং বৈদ্যুতিক টাওয়ারে উঠতে বিশেষজ্ঞরা সেখানে অবস্থান করছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!