ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তিন মাস মাতৃত্বকালীন ছুটি পাবেন ছাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫২, ২৪ ডিসেম্বর ২০২২
তিন মাস মাতৃত্বকালীন ছুটি পাবেন ছাত্রীরা
ফাইল ফটো

গর্ভকালীন পরিস্থিতিতে তিন মাস মাতৃত্বকালীন ছুটি কাটাতে পারবেন ছাত্রীরা। বিশ্ববিদ্যালয় সম্মান (অনার্স) ও পোস্ট গ্র্যাজুয়েট বিভাগের আঠারো বছর এবং তার অধিক বয়সী সব ছাত্রীই এ সুবিধা ভোগ করতে পারবেন।

ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে (এমজেইউ) ‍যুগান্তকারী এ পদক্ষেপ নেয়া হয়েছে।

শুক্রবার এমজেইউয়ের এক সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্তের বরাতে ভারতের বৃহত্তম বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই)প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি কতদিন করা হবে— সিদ্ধান্ত নিতে আগে একটি কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার সেই কমিটি তার প্রতিবেদন ও সুপারিশমালা সিন্ডিকেটের সামনে উপস্থাপন করলে তাতে সম্মতি দেন সিন্ডিকেট সদস্যরা।

Advertisement

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রীরা তাদের অনার্স বা মাস্টার্সের কোর্স চলাকালে একবার কিংবা দু’বার এ ছুটির আবেদন করতে পারবেন। অনার্স কোর্সে পড়াকালে কোনো শিক্ষার্থী যদি মাতৃত্বকালীন ছুটির জন্য একবারের বেশি আবেদন করেন তবে দ্বিতীয়বার সেই আবেদন গ্রহণ করা হবে না। একই নিয়ম পোস্ট গ্র্যাজুয়েট বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

তবে ঐ শিক্ষার্থী যদি অনার্স পাস করে পোস্ট গ্র্যাজুয়েট বিভাগে ভর্তির পর ফের ছুটির জন্য আবেদন করেন, তাহলে তা মঞ্জুর করবে কর্তৃপক্ষ।

মাতৃত্বকালীন এ ছুটি হবে পৃথক ও স্বতন্ত্র। বিশ্ববিদ্যালয় বা সরকারি অন্য কোনো ছুটির সঙ্গে একে গুলিয়ে ফেলা হবে না। কর্মকর্তারা আরো বলেছেন, এক কোর্সে একবার মাতৃত্বকালীন ছুটি কাটানোর পর কোনো শিক্ষার্থী যদি ঐ কোর্সে থাকা অবস্থায় কখনো গর্ভপাতের শিকার হন, সেক্ষেত্রে তাকে ১৪ দিনের ছুটি দেওয়া হবে।

মাতৃত্বকালীন ছুটির কারণে কোনো শিক্ষার্থী যদি কোনো সেমিস্টার পরীক্ষা মিস করেন, সেক্ষেত্রে পরবর্তী সেমিস্টারের সঙ্গে তা সমন্বয় হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক্ষেত্রে ওই শিক্ষার্থী যে বিভাগের, সেটি প্রধান বা চেয়ারম্যান ব্যাপারটি সমন্বয়ের দায়িত্বে থাকবেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: ছাত্রী
লিংক সফলভাবে কপি হয়েছে!