ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সগিরা মোর্শেদ হত্যা: ৩১ বছর পর চারজনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৭, ২ ডিসেম্বর ২০২০
সগিরা মোর্শেদ হত্যা: ৩১ বছর পর চারজনের বিচার শুরু
সগিরা মোর্শেদ

রাজধানীর সিদ্ধেশ্বরীতে চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ হত্যা মামলায় তার ভাসুরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩১ বছর পর শুরু হলো এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এই অভিযোগ গঠন করেন। 

মামলার আসামিরা হলেন- নিহত সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী, তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন, হাসান আলীর শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান এবং ভাড়াটে খুনি মারুফ রেজা।

Advertisement

এদিন কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর আসামি মারুফ রেজার পক্ষে তার আইনজীবী মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করেন। 

অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন।

এর আগে গত ২৬ নভেম্বর নিহত সগিরা মোর্শেদের ভাসুর আসামি ডা. হাসান আলী চৌধুরী, তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন, হাসান আলীর শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ানের পক্ষে তাদের আইনজীবী মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। এ সময় অন্য আসামি মারুফ রেজার পক্ষে তার আইনজীবী সময়ের আবেদন করেন। পরে আদালত আংশিক শুনানি মুলতবি রেখে ২ ডিসেম্বর অধিকতর শুনানির জন্য দিন ধার্য করেন। 

এর আগে গত ৯ নভেম্বর আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানির জন্য সময় প্রার্থনা করেন। পরে আদালত তাদের আবেদন মঞ্জুর করে ২৬ নভেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। 

গত ৯ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পিবিআইয়ের দেয়া অভিযোগপত্র গ্রহণ করেন। এরপর গত ১৬ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে সগিরার ভাসুরসহ চারজনকে আসামি করে ১ হাজার ৩০৯ পৃষ্ঠার একটি অভিযোগত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক রফিকুল ইসলাম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাগিরা মোর্শেদ সালাম ১৯৮৯ সালের ২৫ জুলাই ভিকারুননিসা নূন স্কুল থেকে মেয়েকে আনতে যান। বিকেল ৫টার দিকে সিদ্ধেশ্বরী রোডে পৌঁছালে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা স্বর্ণের চুড়ি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তাকে গুলি করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথেই মারা যান সগিরা মোর্শেদ। এ ঘটনায় ওইদিনই রমনা থানায় মামলা করেন তার স্বামী আব্দুস সালাম চৌধুরী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!