ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আবরার হত্যা মামলার আসামিরা আদালতের এজলাসে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৮, ২৮ নভেম্বর ২০২১
আবরার হত্যা মামলার আসামিরা আদালতের এজলাসে
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় রোববার দুপুরে ঘোষণার জন্য ধার্য রয়েছে। এরই মধ্যে মামলায় গ্রেফতার আসামিদের আদালতের এজলাসে (ডকে) তোলা হয়েছে।

সকাল ১১টা ৪০ মিনিটে আসামিদের ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর এজলাসে তোলা হয়।

ট্রাইব্যুনাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১–এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত আলোচিত আবরার হত্যা মামলাটির রায় ঘোষণা করবেন।

এর আগে, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবু আবদুল্লাহ ভূঁইয়া জানান, মামলায় ২৫ আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে আদালতে আবেদন করেন। হত্যার অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ থেকে ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৬ জনকে আদালতে হাজির করা হয়। ১৪ নভেম্বর উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য দিনটি (রোববার) ধার্য করেন আদালত।

নিহত আবরারের বাবা বরকত উল্লাহ বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেন, আমার ছেলের খুনের সঙ্গে যারা জড়িত, তাদের সবার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন হয়। কেউ যেন খালাস না পায়। একটা দৃষ্টান্ত স্থাপন হোক, যেন পড়াশোনা করতে এসে কেউ নির্যাতনের শিকার না হয়। কেউ যেন হত্যা করার সাহস না পায়।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা করেন। একই বছরের ১৩ নভেম্বর মামলাটি তদন্ত করে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এই ২৫ জনের মধ্যে ২২ জন কারাগারে রয়েছেন। পলাতক রয়েছেন তিনজন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!