দুদকের মামলায় সাহেদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
দুদকের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে ঐ চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করা ও আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করায় সাহেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর মামলা দায়ের করা হয়। চলতি বছরের মার্চে মামলাটি দায়ের করা হয়।
জানা যায়, মামলাটি তদন্তের জন্য উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারীকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তিনি যথারীতি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন।
.png)
প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, আসামি মোহাম্মদ সাহেদ নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি। এছাড়া আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৬৯ লাখ ১৭ হাজার ৫১৩ টাকার অস্থাবর সম্পদ অর্জন করে তা দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
তদন্তকারী কর্মকর্তার দাখিলকৃত প্রতিবেদনের সুপারিশের আলোকে কমিশন চার্জশিট দাখিলের প্রস্তাব অনুমোদন করে।
উল্লেখ্য, গত বছরের ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। এ ঘটনার পর পালিয়ে যান সাহেদ। ওই বছরের ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে হেলিকপ্টারে সাতক্ষীরা থেকে ঢাকায় আনা হয়। এরপর গত বছরের ২৮ সেপ্টেম্বর অস্ত্র আইনে করা মামলায় সাহেদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।