প্রশ্নফাঁস: জীবন বীমার এমডিসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রশ্নফাঁসের মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগে জীবন বীমা কর্পোরেশনের (জেবিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জহুরুল হক ও সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাহবুবুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বাদী হয়ে মামলাটি করেন সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী।
দুদক সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
মো. মাহবুব হোসেন বলেন, ২০২১ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আসামিদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে কমিশন।
মামলার এজহারে বলা হয়, আসামিরা নিয়োগ পরীক্ষার এমসিকিউ প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে অভিনব প্রন্থার মাধ্যমে প্রশ্ন কর্তাদের প্রস্তুত করা প্রশ্ন ও তার সঠিক উত্তর নিজের মতো করে প্রশ্নপত্রের মধ্যে সাজিয়ে তা ছাপিয়ে দেন। পরবর্তীতে তা চাকরি প্রার্থীদের সরবরাহ করেন আসামিরা।
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর জীবন বীমা কর্পোরেশনে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।
সংস্থাটির সমন্বিত কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর নেতৃত্বে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এ অভিযান চালায়।
জানা যায়, অভিযানকালে দুদক টিম পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রসহ বেশকিছু রেকর্ডপত্র সংগ্রহ করে। এছাড়া অভিযোগের বিষয়ে রেকর্ড করা হয় এমডি ও পরিচালকসহ (প্রশাসন) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য ও সংগ্রহ করে তারা। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হকের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে অন্তত ৪০ কোটি টাকার বাণিজ্যের অভিযোগ পায়।