ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

রাজধানীতে গৃহকর্মীকে নির্যাতনের মামলায় দম্পতি রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০২, ৬ মার্চ ২০২২
রাজধানীতে গৃহকর্মীকে নির্যাতনের মামলায় দম্পতি রিমান্ডে 
ফাইল ফটো

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোছা. লিজা আক্তার (১৪) নামের এক গৃহকর্মীকে নির্যাতনের মামলায় এক দম্পতির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-এজাজ সাকলাইন এবং তার স্ত্রী তানজিমা হাসেম।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। আদালতে ভাটারা থানার সাধারণ নিবন্ধন শাখার (নারী-শিশু) কর্মকর্তা এসআই রাফাত আরা সুলতানা এসব তথ্য জানান।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আলী সৈকত আসামিদের আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট সাজেদুল ইসলাম ভুঁইঞা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের রিমান্ডের আদেশ দেন।

Advertisement

এজাজ সাকলাইনের বাসায় গৃহকর্মী হিসবে কাজ করত লিজা আক্তার। এজাজ ও তার স্ত্রী লিজাকে মারপিট করতেন। গত বুধবার (২ মার্চ) তারা লোহার খুন্তি গরম করে লিজার শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে লিজা। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিবেশীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ডি-ব্লকের ১৯৩ নম্বর বাসায় যায়। সেখানে লিজাকে বাথরুমে আটকে রাখা হয়েছিল। পুলিশ লিজাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠায়। সেখানে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় ভাটারা থানার উপ-পরিদর্শক হাসান মাসুদ মামলা দায়ের করেন। এ মামলায় এজাজ সাকলাইন ও তানজিমা হাসেমকে গ্রেফতার দেখানো হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!