বাবুল আক্তারকে জামিন নয় কেন, প্রশ্ন হাইকোর্টের
স্ত্রী হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ২ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার বাবুল আক্তারের জামিন আবেদনের শুনানি করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম।
.png)
গতকাল জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার। স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় তিনি কারাগারে আটক রয়েছেন।
এর আগে এই মামলা থেকে জামিন পেতে বিচারিক আদালতে গিয়ে ব্যার্থ হয়েছেন তিনি। সোমবারের কার্যতালিকায় ৫৮ নম্বর আইটেমে রাখা ছিল এই আবেদনটি।
এর আগে, চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত বাবুল আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেন।
২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম। সে ঘটনায় তার স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন।তদন্ত শেষে পিবিআই গত বছরের ১২ মে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়।
চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে ঐ বছরের ১৪ অক্টোবর আদালতে নারাজি আবেদন করেন বাবুলের আইনজীবী। গত ৩ নভেম্বর আদালত চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ না করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ জানুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে বাবুলকে স্ত্রী খুনের মামলায় শোন অ্যারেস্ট দেখান। এরপর গত ১২ মে বাবুল আক্তারকে গ্রেফতার করা হয়। বাবুল আক্তার বর্তমানে ফেনী কারাগারে রয়েছেন।