সবুজবাগে নারী হত্যা: আদালতে বাপ্পীর দায় স্বীকার
রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁওয়ের বটতলা এলাকায় তানিয়া আফরোজ (২৬) নামের এক নারীকে খুনের ঘটনায় গ্রেফতার এসির টেকনিশিয়ান বাপ্পী আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
সোমবার ঢাকার ঢাকা মহানগর মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।
এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি বাপ্পী স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক শেখ আমিনুল বাশার ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ২৯ মার্চ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
.png)
এদিকে, গত ৩০ মার্চ এসির টেকনিশিয়ান বাপ্পীর দুই সহযোগী হৃদয় ও রুবেলকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর বাশার। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৬ মার্চ রাতে নিহত নারীর বাসায় এসি মেরামত করতে যায় টেকনিশিয়ান বাপ্পী। এরপর সে সুযোগমতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ কারণে তাকে হত্যা করে বাপ্পি। এসময় সে ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে ওই নারীর মরদেহের পাশে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় তার দুই শিশুসন্তানকে পাওয়া যায়।