৯০ ভরি স্বর্ণ চুরি: দুই আসামি কারাগারে
রাজধানীর কচুক্ষেতের রজনীগন্ধা সুপার মার্কেট থেকে ৯০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় করা মামলায় রিমান্ড শেষে দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আসামিরা হলেন- মো. আলাউদ্দিন ও মো. শাহজালাল।
বুধবার ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন। এদিন রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। ঐ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
গত ৭ আগস্ট দুই আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে, ৫ আগস্ট রাতে চট্টগ্রামের কর্ণফুলি থানার স্বর্ণারটেক গ্রাম থেকে মো. আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ আগস্ট সন্ধ্যায় কুমিল্লার সদর দক্ষিণ এলাকা থেকে মো. শাহজালালকে গ্রেফতার করা হয়। আর তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৬ ভরি ৪ আনা স্বর্ণালংকার।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই দুপুরে রজনীগন্ধা সুপার মার্কেটের নিউ বিসমিল্লাহ জুয়েলার্সের মালিক জুম্মার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে জানতে পারেন তার দোকানের সাটার খোলা। তিনি দ্রুত দোকানে এসে দেখেন স্বর্ণের ৪০ ভরি ও রুপার ৫০ ভরি অলংকার চুরি হয়েছে। এ ঘটনার পরদিন মামলা হয়।