স্বেচ্ছাসেবক দলের ৭ নেতা রিমান্ড শেষে কারাগারে
নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে স্বেচ্ছাসেবক দলের ৭ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন।
আসামিরা হলেন- রাজধানীর তেজগাঁও থানার ২৬নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল নেতা মো. পলাশ, মো. নাজমুল হাসান ওরফে সুমন, মো. ফকরুল ইসলাম, মানিক সরদার, রতন মিয়া, লিটন মিয়া ও বিল্লাল।
রোববার বিকেলের দিকে ৭ আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই তারেক জাহান খান। আসামিপক্ষও জামিন চেয়ে আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
.png)
মামলা সূত্রে জানা গেছে, গত ৯ মে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আসামিরা নাশকতা ও জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করার উদ্দেশ্যে পেট্রল, বিস্ফোরক দ্রব্য নিয়ে একত্রিত হয়। ঐদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় গত ১০ মে তেজগাঁও থানার এসআই মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। পরে আসামিদের গ্রেফতার করা হয়। ১২ আগস্ট আদালত আসামিদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে রোববার ফের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।