ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নার্সারির মালি হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৬, ৯ জুলাই ২০২৩
নার্সারির মালি হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
ফাইল ফটো

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার এক নার্সারির মালি আবুল হোসেনকে হত্যার অভিযোগে করা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক এম আলী আহমেদের আদালত এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- নার্সারির মালিক মুস্তাফিজুর রহমান ওরফে লিটন এবং আরেক মালি আনোয়ার হোসেন ওরফে আনারুল। দণ্ডিত দুইজনই এখন পলাতক। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

Advertisement

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি মুস্তাফিজুর রহমানের সঙ্গে আবু তাহের বিমান বাহিনীর কুর্মিটোলায় ২২২ এম ইউ সংলগ্ন এলাকায় কুর্মিটোলায় জমি লিজ নিয়ে নার্সারি করেন। মুস্তাফিজুর রহমান নার্সারির কর্মচারীদের নিয়োগ, বদলি, বেতনসহ সবকিছু দেখাশোনা করতেন। ২০০১ সালের ৫ সেপ্টেম্বর সকাল পৌনে ৯টার দিকে মুস্তাফিজুর রহমান হেড মালি আবুল হোসেনকে নার্সারিতে গিয়ে দেখতে পাননি। এ সময় তিনি অন্য মালিদের কাছে আবুল হোসেনের কথা জানতে চান।

তারা জানান, আবুল হোসেন তার আত্মীয়কে দেখতে হাসপাতালে গেছেন। এর দুইদিন পর ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে আবুল হোসেনের মরদেহ এম ইউ ভবনের পেছনে ম্যানহোলে পাওয়া যায়। আবু তাহের সেখানে পৌঁছানোর আগে মুস্তাফিজুর রহমান নার্সারি থেকে পালিয়ে যান। নার্সারির অপর দুই মালি রবিউল ও আনোয়ারকে বিমান বাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান।

এ ঘটনায় আবু তাহের ৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে ঐ বছরের ১১ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়। ২০০৩ সালের ২৬ জুন আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন আদালত। মামলার বিচার চলাকালে ১৪ সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষ্য দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!