ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

শেষ হলো নাটকীয় চ্যাম্পিয়নশিপ

অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন (পর্ব-১)
এস আই রাসেল
প্রকাশিত: ১৬:৫৬, ২৭ জুলাই ২০১৯
শেষ হলো নাটকীয় চ্যাম্পিয়নশিপ
ফাইল ফটো

বাংলাদেশের জনপ্রিয় ইনডোর গেমগুলোর মধ্যে ব্যাডমিন্টন অন্যতম। গ্রাম থেকে শুরু করে প্রায় প্রতিটি শ্রেণিতেই এর প্রভাব রয়েছে। কিন্তু কর্তৃপক্ষের অপরিপক্বতা, পরিকল্পনাহীনতা ও নানা ফন্দিফিকিরে চলছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। জাতীয় চ্যাম্পিয়নশিপ নিয়ে হয়েছিল নানা টালবাহানা। যদিও অবশেষে কর্মকর্তাদের কথা অনুযায়ী সফলভাবে শেষ হয়েছে নাটকীয় এ চ্যাম্পিয়নশিপ। 

৩৬ তম জাতীয় চ্যাম্পিয়নশিপে সপ্তমবারের মতো ট্রিপল ক্রাউন জিতেছে শাপলা আক্তার। এর আগে ২০০৯, ২০১১, ২০১৩, ২০১৬, ২০১৮ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপ ও ২০১৩ সালে বাংলাদেশ গেমসে ট্রিপল ক্রাউন জেতার পর মেয়র চট্টগ্রাম ৩৬তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপেও জিতল ট্রিপল ক্রাউন।
 
মেয়েদের এককে ফাইনালে শাপলা তার চিরপ্রতিদ্বন্দ্বি এলিনা সুলতানাকে, দ্বৈতে শাপলা ও দুলালি জুটি এলিনা ও নাবিলা জুটিকে এবং মিশ্র দ্বৈতে শাপলা ও খালেদ জুটি লালচাদ ও উর্মি জুটিকে হারিয়ে ট্রিপল চ্যাম্পিয়ন হন।

এদিকে পুরুষ এককে শিরোপা অক্ষুন্ন রেখেছে সিলেটের সালমান খান। ফাইনালে তিনি পরাজিত করেন তারই জেলার গৌরব সিংকে। পুরুষ দ্বৈতে জামিল আহমেদ দুলাল ও রাহাদ কবির খালেদ পরাজিত করেন আল আমিন জুমার ও মোস্তাফিজুর রহমান লিপটনকে। এ নিয়ে খালেদ ও দুলাল জুটি পরপর তিনবার পুরুষ দ্বৈতের শিরোপা জিতে।

চ্যাম্পিয়নশিপ নিয়ে এত নাটকে হুমকির মুখে পড়েছিল এলিনা সুলতানার ক্যারিয়ার। এক প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন। বারবার তারিখ পরিবর্তন করায় চাকরি ও হারানোর অবস্থা হয়েছিল তার।

চ্যাম্পিয়নশিপের আগে তিনি ডেইলি বাংলাদেশকে বলেছিলেন, একটি প্রতিষ্ঠানে কতবার অনুরোধ করা যায়। ফেডারেশন কাউকে বেতন দেয় না। সবারই কিছু না কিছু করতে হয়। মানারাত স্কুল আমাকে যথেষ্ট মূল্যায়ন করেছে। কিন্তু তাদের কাছে আমি বার বার সুবিধা চাইতে পারি না। আমার একটা আত্মসম্মানবোধ আছে। 

ওদিকে চীনের সুজু শহরে ২০-২৮ জুলাই পর্যন্ত চলছে ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপ। ওই টুর্নামেন্টে অংশ নিতে ২৩ জুলাই দেশ ছাড়েছে ছয় সদস্যের বাংলাদেশ দল। চীন যেতে বাছাইপর্ব নিয়েও হয়েছে নানা রকম ফন্দিফিকির। পুরুষ দলের বাছাই পর্বের পাশাপাশি মহিলা দলেরও বাছাই হয়। পরবর্তীতে কোনো এক অজানা কারণে মহিলা দলকে বাদ দিয়েই ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপে যায় বাংলাদেশ দল। 

আবদুল হামিদ লোকমান, মোহাম্মদ হানিফ ও খন্দকার আবদুস সোয়াদ তিন শাটলার অংশ নেয় এ প্রতিযোগিতায়।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের যাবতীয় কাজ সাধারণ সম্পাদক কেন্দ্রীক। যত অনিয়ম যত কারসাজী তার সব প্রশ্নের উত্তর দিতে পারবেন একমাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। বারবার চ্যাম্পিয়নশিপের তারিখ বদল, দরপত্র ছাড়া ম্যাট ক্রয়। স্বাধীনতা দিবস ওপেন (র‌্যাংকিং) ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৯ স্থগিত। ব্যাডমিন্টন এশিয়ার অনুদানে কোচ পেয়েও তাকে কাজে লাগাতে না পারা। এছাড়া ও আরো অনেক প্রশ্ন উঠে আসছে। সব প্রশ্নের উত্তর ও সমাধান থাকছে পরবর্তী পর্বে।

ডেইলি বাংলাদেশ/এসবি/এমআরকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!