জীবনীচিত্র বানাতে যত টাকা নিলেন কপিল দেব-রবি শাস্ত্রীরা
ভারতের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় বাঁকবদল আসে ১৯৮৩ সালে। সে বছর একদম হিসেবের বাইরে থাকলেও সবাইকে অবাক করে নিয়ে বিশ্বকাপ জিতে নেয় ভারতীয় ক্রিকেট দল। যার নেতৃত্বে ছিলেন অলরাউন্ডার কপিল দেব।
কপিল দেবের জীবনী নিয়ে ছবি তৈরি হচ্ছে, এটা বেশ পুরনো খবর। এই ছবিতে কপিলের চরিত্রে অভিনয় করছেন রনবীর কাপুর। শুধু তিনিই নন, কপিলের পাশাপাশি ভারতের সেই বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের আরো অনেককেই পর্দায় নিয়ে আসা হয়েছে কাহিনীর প্রয়োজনে।
১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয় নিয়ে ছবিটি বানিয়েছেন কবীর খান। যার নাম দেওয়া হয়েছে ৮৩। এরই মধ্যেই বেরিয়েছে ছবির ট্রেলার। কিন্তু ছবি তৈরির অনুমতি পেতে কপিল-সহ সেই দলের সবাইকেই প্রযোজকদের টাকা দিতে হয়েছিল। তার পরেই ছবি তৈরির অনুমতি দেন ক্রিকেটাররা।
.png)
ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, ৮৩’র বিশ্বকাপ জয়ী দলের সদস্য অর্থাৎ সুনীল গাভাস্কার, দিলীপ ভেঙ্গসরকার, রবি শাস্ত্রী, কপিল দেব সহ সবাইকে ভারতীয় মুদ্রায় মোট ১৫ কোটি টাকা দিতে হয়েছিল। এর মাঝে এক তৃতীয়াংশ অর্থাৎ পাঁচ কোটি টাকা নেন কপিল নিজেই।
সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, যেহেতু প্রত্যেক ক্রিকেটারের জীবনের উপর ভিত্তি করে ছবি তৈরি হয়েছে তাই সবার আগে প্রয়োজন ছিল ক্রিকেটারদের অনুমতি পাওয়া। সেটা মাথায় রেখে নির্মাতারা ৮৩’র বিশ্বকাপজয়ী দলকে ১৫ কোটি টাকা দেন।
বক্স অফিসে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবির প্রধান চরিত্র কপিল দেব। তাই তাকে বেশি টাকা দিতে হয়েছে। পাঁচ কোটি টাকা নেয়ার পরে ছবি করার অনুমতি দেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক।