ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

চার বছর পর র‍্যাংকিংয়ের শীর্ষ দুই থেকে ছিটকে গেলেন জকোভিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১৩, ১৪ জুন ২০২২
চার বছর পর র‍্যাংকিংয়ের শীর্ষ দুই থেকে ছিটকে গেলেন জকোভিচ
নোভাক জকোভিচ

এটিপি র‍্যাংকিংয়ে শীর্ষ দুই থেকে নোভাক জকোভিচের অবনমন যেন অমাবস্যার চাঁদ হয়ে গিয়েছিল। দীর্ঘ চার বছর ধরে যে শীর্ষ দুইয়ের বাইরে যাননি তিনি। তবে অবশেষে হলো অবনমন। র‍্যাংকিংয়ের তৃতীয় স্থানে নেমে গেছেন তিনি।

সর্বশেষ আপডেটকৃত র‍্যাংকিংয়ে ফের শীর্ষে উঠে এসেছেন রাশিয়ার দানিল মেদভেদেভ। দুইয়ে উঠে এসেছেন জার্মানির আলেকজান্ডার জেরেভ। চতুর্থ স্থানে স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে নাদালের কাছে হারের ফলেই র‍্যাংকিংয়ে নিচে যেতে হয়েছে জকেভিচকে। প্রায় চার বছর পর এটিপি র‍্যাংকিংয়ে প্রথম দুইয়ের বাইরে চলে গেছেন এই সার্বিয়ান তারকা। সেই সুযোগে আবার শীর্ষে মেদভেদেভ।

ফরাসি ওপেনের সেমিফাইনালেই নাদালের বিপক্ষে সমানে সমানে ল়ড়াই করেও চোটের জন্য ছিটকে যান জেরেভ। তিনি র‍্যাংকিংয়ে টেনিস জীবনের সেরা জায়গা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। ২০১৭ সালের নভেম্বর থেকে তিনি বিভিন্ন সময় মোট ৫৬ সপ্তাহ তিন নম্বরে ছিলেন।

ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদাল রয়েছেন র‍্যাংকিংয়ে চতুর্থ স্থানে। তার সঙ্গে জকোভিচের পয়েন্টের পার্থক্য মাত্র ২৪৫। অর্থাৎ, সার্বিয়ার প্রতিপক্ষকে টপকে যাওয়ায় সুযোগ থাকছে নাদালের সামনে। র‍্যাংকিংয়ে পঞ্চম স্থানে রয়েছেন ফরাসি ওপেনে রানার আপ নরওয়ের ক্যাসপার রুদ। এটাই তার টেনিস জীবনের সেরা উত্থান।

স্টুটগার্ট ওপেনের ফাইনালে ওঠায় র‍্যাংকিংয়ে অনেকটা এগিয়েছেন বিশ্বের সাবেক এক নম্বর অ্যান্ডি মারে। তিনি ২১ ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ে ৪৮তম স্থানে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!