নয়ারকে কাতার বিশ্বকাপে সর্বশেষ মাঠে দেখা গিয়েছিল। জার্মানি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর নয়ার ছুটিতে ছিলেন। সেই সময়ই স্কিইং করতে গিয়ে পা ভাঙে তার। অস্ত্রোপচারও করতে হয়েছে। মৌসুমের বাকি সময়ের জন্যও তাই ছিটকে যান।
বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন বিবৃতি দিয়ে জানিয়েছে, সোমবার অনুশীলনে ফিরেছেন নয়ার। তবে কবে নাগাদ তিনি ম্যাচ খেলতে পারবেন, সে ব্যাপারে কিছু বলেনি ক্লাব।
.png)
নয়ার ছিটকে যাওয়ায় গত জানুয়ারির দল বদলে সুইজারল্যান্ডের গোলরক্ষক ইয়ান সমেরকে বরুশিয়া মনশেনগ্লাডবাখ থেকে দলে টানে বায়ার্ন। তার সঙ্গে আড়াই বছরের চুক্তি ছিল জার্মান চ্যাম্পিয়নদের। তবে চলতি গ্রীষ্মকালীন দল বদলে ইন্টার মিলানে যোগ দিয়েছেন সমের। এরপর মাকাবি তেল আবিব থেকে ইসরায়েলের গোলরক্ষক দানিয়েল পেরেসকে দলে ভিড়িয়েছে বায়ার্ন।
এই মৌসুমে প্রথম তিন ম্যাচে বায়ার্নের গোলপোস্টের নিচে ছিলেন নয়ারের দীর্ঘদিনের ব্যাকআপ সভেন উলরিখ। বুন্দেসলিগায় নিজেদের পরবর্তী ম্যাচে আগামী শনিবার বরুশিয়া মনশেনগ্লাডবাখের মুখোমুখি হবে টমাস টুখেলের দল।