ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এমন মুহূর্তের অপেক্ষায় দীর্ঘকাল ছিলেন জ্যোতিরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৪, ৩ অক্টোবর ২০২৪
এমন মুহূর্তের অপেক্ষায় দীর্ঘকাল ছিলেন জ্যোতিরা
বাংলাদেশের জয়ের পর নিগার সুলতানা জ্যোতি এবং তার সতীর্থরা উদযাপন করেন

২০১৪ সালের পর নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ আর কখনোই দেখেনি জয়ের মুখ। দেখতে দেখতে দীর্ঘ ১০ বছর পেরিয়ে যায়। টানা ১৬ ম্যাচ জয়হীনতার বৃত্ত থেকে বেরিয়ে আসার ঘোষণাটা দিয়ে রেখেছিলেন নিগার সুলতানা জ্যোতি। স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে অবশেষে এলো বহুল কাঙ্ক্ষিত সেই মুহূর্ত।

লো স্কোরিং ম্যাচে নারী টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার শারজাহতে লো স্কোরিং উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামা লাল-সবুজের দল ৭ উইকেটে ১১৯ রানের বেশি তুলতে পারেনি। জবাবে স্কটল্যান্ড ৭ উইকেটে ১০৩ রানেই থেমে যায়।

ম্যাচ শেষে নিজের শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা জ্যোতি বলেন, ‘আমরা এই মুহূর্তটির জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলাম। এটি আমাদের দলের প্রত্যেকের জন্য অনেক অর্থ বহন করে।’ 

Advertisement

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বআসরের প্রথমবার খেলতে আসা স্কট ল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ব্যাটিংটা মোটেও ভালো হয়নি। পাওয়ার হিটিংয়ের দুর্বলতা নিয়ে আগে থেকেই ছিল আলোচনা। পরিস্থিতির দাবি মিটিয়ে স্ট্রাইক রোটেট করতে না পারাটাও দলের পুরনো সমস্যা। এবারো দেখা গেল আগের সেই দৃশ্য।  

এ প্রসঙ্গে জ্যোতির ভাষ্য, ‘এই ধরনের উইকেটে আমাদের থিতু হওয়া দরকার। শুরুতে ব্যাট করা খুব একটা সহজ ছিল না। সাথী রানি এবং সোবহানা মোস্তারির মধ্যে জুটি গড়াটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমাদের একটা ভালো স্কোর ছিল এবং আমরা নিজেদের উপর বিশ্বাস রেখেছিলাম। আমাদের খুব ভালো স্পিন আক্রমণ আছে, মারুফাও ভালো করছে। তাই আমরা এই রান ডিফেন করা নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম।’ 

ব্যাটিং অর্ডার প্রসঙ্গে টাইগ্রেস অধিনায়কের মন্তব্য, ‘আমরা ভিন্ন কিছুর চেষ্টা করছি। তাজ (নেহার) উপরে উঠে এসে কিছু বাউন্ডারি মারার চেষ্টা করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে আউট হয়ে যায়।’  

স্বল্প পুঁজি নিয়েও দলের সবার মাঝে ছড়িয়েছে জয়ের আনন্দ। অধিনায়ক জ্যোতি সেটিকেই বড় বিষয় হিসেবে দেখছেন। তিনি আরো বলেন, ‘আমি খুব খুশি কারণ আমরা পাল্টা লড়াই করেছি। মেয়েদের হাসি দেখাটা সবচেয়ে বড় অনুপ্রেরণা।

আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শারজাহতে স্পিন উইকেট লাল-সবুজের দলের স্পিনারদের জন্য পয়মন্ত, তা বলতে ছাড়েননি টাইগ্রেস কাপ্তান। আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ‘আশা করি উইকেট এরকমই থাকবে এবং আমাদের স্পিনাররা খেলতে আসবে।’ 
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!