ব্যাটাররা হতাশ করেছে, ভুল সময়ে আউট হয়েছিলাম
‘বেদনার বালুচরে মেলেছি পাখা’। নিগার সুলতানা জ্যোতির খেলা শেষের পর বলা হতাশা ভরা কথাগুলোর সঙ্গে গানের এই বাক্যটি হয়তো বেশ সামঞ্জস্যপূর্ণ। ঠিক যেমন সহজ লক্ষ্য তাড়ায় বেশ অসামঞ্জস্যপূর্ণ বাংলাদেশ দলের ব্যাটিং। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১১৯ রানের লক্ষ্য পূরণ করতে পারেনি। ফলাফল ২১ রানের হার। ইনিংসের ১২০ বলের মধ্যে ব্যাটাররা ৬৩টি ডট বল খেলে জয়ের দুয়ারে তালা মেরে দেয়।
পাওয়ার প্লের ৬ ওভারে টিম টাইগ্রেসের স্কোর ছিল ২ উইকেটে মাত্র ২০ রান। শুরুর এমন ধীরগতির ব্যাটিং কার্যত ম্যাচ থেকে তাদের ছিটকে দিয়েছিল। তৃতীয় উইকেটে সোবহানা মোস্তারির সঙ্গে ৩৫ রানের জুটিতে আশা জাগালেও বাজে রান আউটে সেটিও শেষ করে দেন জ্যোতি।
ম্যাচের পর নিজের হতাশা লুকাননি বাংলাদেশ দলের অধিনায়ক। তার ভাষ্য, ভালো একটি দলকে হারানোর বড় সুযোগ হারিয়েছি আমরা। আমাদের বোলাররা তাদের দায়িত্ব পালন করেছে, কিন্তু ব্যাটাররা হতাশ করেছে।
.png)
পাওয়ার প্লেতে আমরা ভালো করতে পারিনি, উইকেট ছুড়ে দিয়েছি। পাওয়ার প্লের পর খেলা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি আমরা। ভালো জুটি দরকার ছিল আমাদের। আমি ও সোবহানা মোস্তারি ভালো জুটি গড়েছি। কিন্তু আমি ভুল সময়ে আউট হয়েছিলাম।
সময়ের দাবি মেটাতে ব্যর্থ সোবহানা ৪৮ বলে এক চার ও এক ছক্কায় খেলেন ৪৪ রানের ইনিংস। অধিনায়কের কাছ থেকে পেলেন প্রশংসা, সে ধারাবাহিকতা বজায় রেখেছে। আশা করি পরের ম্যাচে সে ভালো করবে।
এদিকে, খেলা শেষের পর সংবাদ সম্মেলনে সোবহানা ব্যাটিং নিয়ে লেগস্পিনার ফাহিমা খাতুন কথা বলেছেন। তার মন্তব্য ‘আমি মনে করি সোবহানা মোস্তারি তার কাজটা ভালোই করেছিল। বলের লাইন অনুযায়ী সে ভালো শট খেলেছিল। অনেকগুলো বাউন্ডারি হওয়ার কথা ছিল। কিন্তু দুই রান হয়েছে। আউটফিল্ড অনেক ধীরগতির ছিল।’