মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৫ অক্টোবর) এর মধ্যে মামলা করার প্রতিশ্রুতি পাওয়ার পর রোববার রাতে আপাতত কর্মসূচি থেকে সরে এসেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। তবে হামলায় জড়িতদের গ্রেপ্তার, ছাত্রত্ব ও সনদ বাতিল এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে অনড় রয়েছেন তারা।
রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। আহত চার সাংবাদিক হলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।
.png)
হামলার প্রতিবাদে সাংবাদিকরা প্রশাসনের কাছে কয়েকটি দাবি জানান। এর মধ্যে রয়েছে হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা, সোমবার দুপুর ১২টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার, জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল এবং পড়াশোনা শেষ করা ব্যক্তিদের সনদ বাতিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন—এমন অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার দাবিও জানানো হয়েছে।
এ ছাড়া মামলা ও ছাত্রত্ব বাতিলের বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত রাতের মধ্যেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশের দাবি জানান সাংবাদিকরা। প্রশাসনের পক্ষ থেকে সোমবারের মধ্যে মামলা করার আশ্বাস পাওয়ার পর তারা আপাতত কর্মসূচি স্থগিত করেন। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ জানিয়েছেন, হল প্রশাসনের উদ্যোগে সোমবার মামলাটি করা হবে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে ছাত্রদলের পক্ষ থেকে ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করে তদন্তের কথা বলা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সংসদও ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে।