ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ পার্বত্য চট্টগ্রাম ]

ব্যাডমিন্টন খেলা নিয়ে বিতণ্ডা, কিশোরের পা বিচ্ছিন্ন

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫১, ১৪ ডিসেম্বর ২০২২
ব্যাডমিন্টন খেলা নিয়ে বিতণ্ডা, কিশোরের পা বিচ্ছিন্ন
ব্যাডমিন্টন খেলা নিয়ে বিতণ্ডা, কিশোরের পা বিচ্ছিন্ন- ফাইল ছবি

খাগড়াছড়িতে ব্যাডমিন্টন খেলা নিয়ে রাকিব হাসান নামে (১৬) এক কিশোরকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা সদরের শালবন এডিসিহিল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চারজনের নামসহ অজ্ঞাত আরো তিন-চারজনের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন ভুক্তভোগী কিশোরের বাবা। মামলার পর জড়িতদের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আসামিরা হলেন, আব্দুর রহিমের ছেলে মো. হোসেন (২২), আবুল কাশেমের ছেলে মো. রায়হান (২৪), শহিদের ছেলে মো. হানিফ (২৩) ও আবজাল হোসেনের মো. অনিক (২৪)। তারা সবাই শালবন এডিসিহিলের বাসিন্দা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে রাকিব নামে এক কিশোরকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী কিশোর বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীর বাবা রফিকুল ইসলাম জানান, গত সোমবার রাত ৯ টার দিকে এডিসিহিল এলাকায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে আসামিদের সঙ্গে বিতণ্ডা হয়। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি মিটমাট করে দেন। কিন্তু মঙ্গলবার সন্ধ্যার দিকে ভুক্তভোগী রাকিব হাসানকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের চিকিৎসকরা বলেন, রাকিবের পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা। বৃহস্পতিবার তার পায়ে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার (এসপি) মো. নাইমুল হক বলেন, হামলার ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা একটি মামলা করেছেন। আসামি হানিফকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদের ধরতে চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!