ব্যাংক থেকে টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় যুবক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকের ভেতর থেকে এক ব্যক্তির টাকার ব্যাগ চুরি করে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে জেলা শহরের কোর্ট রোডের আইএফআইসি ব্যাংকের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. ইউনুস শেখ খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ব্রাক্ষগতি এলাকার জাবেদ মিয়ার ছেলে।
আরো পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পের হাসপাতালে আগুন, পুড়ল ১০ লাখ টাকার মালামাল
.png)
ব্রাহ্মণবাড়িয়া ১নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন জানান, বিকেলে মোবাইল ব্যাংকিং বিকাশের ম্যানেজার রফিকুল ইসলাম জেলা শহরের আইএফআইসি ব্যাংক থেকে চার লাখ টাকা উত্তোলন করে ব্যাগে রাখেন। পরে সেখানে আবার লেনদেনের জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়ে পায়ের মাঝে টাকার ব্যাগটি রেখে ব্যাংকের কাউন্টারে আরেকটি চেক জমা দেন। সে সময় রফিকুলের পায়ের মাঝ থেকে টাকার ব্যাগটি চুরি করে ইউনুস দৌড় দেন।
পরে ব্যাংকের নিরাপত্তা প্রহরী ও রফিকুল দৌড়ে গিয়ে ইউনুসকে আটক করেন। পুলিশ এসে ইউনুসকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাতে মোবাইল ব্যাংকিং বিকাশের ম্যানেজার রফিকুল ইসলাম একটি চুরির মামলা করেন।