গ্রেফতারকৃতরা হলেন- জেলার নবীনগর উপজেলার কুড়িঘর এলাকার খুর্শিদ মিয়ার ছেলে বাবুল মিয়া ও একই এলাকার সাহেদ আলীর ছেলে মহসিন মিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার পল্টন (ফকিরাপুল) এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এরশাদুল হক ও বাদল সরকার ডাবল হত্যা মামলার এজাহারনামীয় আসামি তারা।
.png)
তিনি আরো বলেন, ডাবল হত্যা মামলায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়ছে। এরমধ্যে গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম রাব্বিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসাইনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের ও গ্রেফতারে চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর রাতে নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে খুন হন এরশাদুল হক ও বাদল সরকার। নিহত এরশাদুল হক নাটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এবং বাদল ওই ইউনিয়নের নান্দুরা গ্রামের সন্তোষ সরকারের ছেলে। এ ঘটনায় নিহত এরশাদুল হকের ছোট ভাই আক্তারুজ্জামান নাটঘর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী সজীব চৌধুরী ওরফে শামীম আবদুল্লা ও রফিকুল ইসলাম রতনসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় এর আগে দুই আসামিকে গ্রেফতার করেছে। তারা হলেন কুড়িঘর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে সোহাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাজীপাড়ার আশরাফুল ইসলাম রাব্বি।