ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাদরাসাছাত্রের
লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাকের ধাক্কায় এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের হাজি রোডের লরেঞ্চ-সাহেবের হাট সড়কে খোকন চেয়ারম্যান ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মাহমুদের হাসান শুভ। সে চরলরেঞ্চ গ্রামের আমিন উল্লাহ চেয়ারম্যান বাড়ির আবদুস শহিদের ছেলে ও স্থানীয় চর জগবন্ধু আলিম মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।
জানা গেছে, চরলরেঞ্চ বাজার থেকে সাইকেলে বাড়ি ফিরছিল শুভ। খোকন চেয়ারম্যান ব্রিকফিল্ড এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে সে। পরে স্থানীয়রা শুভকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, ট্রাকের ধাক্কায় এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, এদিন সকাল ৭টার দিকে টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালী ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের মো. সাইদুর রহমানের স্ত্রী শারমিন আক্তার, তার মেয়ে সোহাগী আক্তার এবং শেরপুরের শ্রীবর্দী উপজেলার মিনার উদ্দিনের ছেলে রাসেল মিয়া। আহত রেহেনা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা। আহত আরেকজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, সকালে মধুপুর থেকে সিএনজি অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিল। রূপালী ফিলিং স্টেশনের কাছে ধনবাড়ীর দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশায় থাকা মা-মেয়েসহ ৩ যাত্রী নিহত ও দুইজন আহত হন। খবর পেয়ে পুলিশ আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এছাড়া মা-মেয়েসহ তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।