ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে অস্ত্রসহ ২ অপহরণকারী গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ১১ জানুয়ারি ২০২২
দিনাজপুরে অস্ত্রসহ ২ অপহরণকারী গ্রেফতার
দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতারকৃত ২ অপহরণকারী

দিনাজপুরে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে রকি আহমেদ ও মো. স্বপন নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ছুড়ি, দা, লাঠি ও মাদক উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত রকি আহমেদ দিনাজপুর পৌর এলাকার পশ্চিম মিশনরোডের আজগর আলীর ছেলে। মো. স্বপন একই এলাকার আব্দুল মান্নানরে ছেলে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্র জানায়, দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি এলাকায় স্ত্রীসহ বসবাস করছিলেন রবিউল ইসলাম রাজা নামে এক যুবক। কিছুদিন ধরে স্ত্রী ও শাশুড়ির সঙ্গে তার পারিবারিক ও অর্থনৈতিক দ্বন্দ্ব চলছিল। সোমবার সকালে গ্রেফতারকৃত দুইজনের মাধ্যমে রবিউল ইসলাম রাজাকে অপহরণ করে তার স্ত্রী ও শাশুড়ি। এরপর শহরের ষষ্ঠীতলা এলাকার রকটি পরিত্যক্ত বাড়িতে আটকে নির্যাতন করে ও রাজার পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

Advertisement

আরো জানা গেছে, সোমবার দুপুরে অপহরণকারীদের নাম উল্লেখ করে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা করেন অপহৃত রাজার মা বিলকিস বেগম। এরপর মোবাইলের কললিস্ট ও তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাৎক্ষণিক অভিযান চালায় পুলিশ।  ঐদিন সন্ধ্যায় ষষ্ঠীতলা এলাকা থেকে অপহৃত রাজাকে উদ্ধার এবং দুই অপহরণকারী রকি আহম্মেদ ও মো. স্বপনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৬টি দেশীয় অস্ত্র ও দুই বোতল ফেনসিডিল, ৬টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার এসআই সাদ্দাম হোসেন বলেন, গ্রেফতারকৃতরা একটি সন্ত্রাসী চক্রের সদস্য। তারা বিভিন্ন ব্যক্তির হয়ে অর্থের বিনিময়ে অপহরণ ও সন্ত্রাসী কার্যকলাপ করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই অপহরণের দায় স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া অপহৃত যুবকের স্ত্রী ও শাশুড়িসহ আরো ৮ জনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!