ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোট কেন্দ্রে হামলা, ইউপি চেয়ারম্যান কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ১৬ জানুয়ারি ২০২২
ভোট কেন্দ্রে হামলা, ইউপি চেয়ারম্যান কারাগারে
চেয়ারম্যান জাকির হোসেন: ফাইল ফটো

কুমিল্লার মেঘনায় ভোট কেন্দ্রে হত্যা প্রচেষ্টার মামলায় মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনসহ ৪ জনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। রোববার কুমিল্লার ৩ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন রিমা এ আদেশ দেন।

তথ্যটি নিশ্চিত করেন কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মো. সালাহউদ্দিন। অন্য আসামিরা হলেন জসিম উদ্দিন, সোহাগ ও  মনির হোসেন।

সূত্র জানায়, গত বছরের ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের দিনে মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ও নৌকার বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

Advertisement

এতে জজ মিয়া নামের একজন সৌদি প্রবাসী আহত হন। এই ঘটনায় প্রবাসীর ভাই আবু সায়েদ বাদী হয়ে কুমিল্লার আদালতে মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনসহ ৯ জনের নামে একটি হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করেন। এই মামলায় গত ৬ ডিসেম্বর আসামিরা জামিন চাইলে উচ্চ আদালত তাদের দুই সপ্তাহের আগাম জামিন দেন। 

এছাড়া তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। রোববার নিম্ন আদালতে ৫ জন আসামি আত্মসমর্পণ করলে মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনসহ ৪ জনের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমি উদ্দিন জানান, গত ইউপি নির্বাচনের দিনের সংঘর্ষের ঘটনায় আহত জজ মিয়ার ভাই বাদী হয়ে আদালতে মামলা করেন। এ মামলায় আসামিরা নিম্ন আদালতে জামিন নিতে গেলে চারজনের জামিন না মঞ্জুর করে আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!