ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একসঙ্গে চলাফেরা করা তিন বন্ধুর মৃত্যুও হলো একসঙ্গে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ২০ জানুয়ারি ২০২২
একসঙ্গে চলাফেরা করা তিন বন্ধুর মৃত্যুও হলো একসঙ্গে
সড়ক দুর্ঘটনায় একসঙ্গে তিনবন্ধুর মৃত্যু (ছবি: সংগৃহীত)

একসঙ্গে পড়াশোনা করতেন নিবিড় আহমেদ ওরফে অন্তর, রবিউল ইসলাম ও আনন্দ আহমেদ ওরফে আবির। ঘোরাফেরাও করতেন একসঙ্গে। পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু পৃথিবী থেকে চলেও গেল একসঙ্গে। 

গতকাল বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় তারা নিহত হয়।

আরো পড়ুন: ছাত্রীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার

Advertisement

এই তিন বন্ধু বিজয়নগর উপজেলার ইসলামপুর আলহাজ কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিবিড় আহমেদ বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা গ্রামের আলফাজ মিয়ার ছেলে, রবিউল ইসলাম কেনা গ্রামের নান্নু মিয়ার ছেলে ও আনন্দ আহমেদ কেনা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ এমরান খান বলেন, তারা ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। তিন শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না।

শিক্ষার্থীদের স্বজন ও এক শিক্ষক জানান, গতকাল বুধবার সন্ধ্যায় নিবিড় আহমেদ তার মায়ের কাছে বাবার মোটরসাইকেলটি চেয়েছিল। না পেয়ে উপজেলার কেনা বাজার থেকে একটি মোটরসাইকেল ভাড়া নেয় তারা। তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হন। গন্তব্য ছিল হবিগঞ্জের মাধবপুর। কেনা বাজার থেকে চার কিলোমিটার যাওয়ার পর মাছবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু মারা যায়। অপর বন্ধুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

আরো পড়ুন: দুধ-কলাতেও থাকল না ‘কাউয়ার মা’

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি শাহজালাল আলম বলেন, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে গতকাল রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যজনের লাশ রাখা হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে। এ ঘটনায় মহাসড়ক আইনে থানায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!