ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্বশুরের মৃত্যুতে দেশে ফিরলেন বিমানে, জানাজায় গেলেন হেলিকপ্টারে

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০১, ২১ জানুয়ারি ২০২২
শ্বশুরের মৃত্যুতে দেশে ফিরলেন বিমানে, জানাজায় গেলেন হেলিকপ্টারে
ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় শ্বশুর হাফেজ মো. রুহুল আমিনের জানাজায় অংশ নিতে দেশে ফিরে হেলিকপ্টারে ছুটে এসেছেন সৌদিপ্রবাসী জামাই মো. জামাল নুর। 

শুক্রবার বাদ জুমা ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে পৌঁছান তিনি। পরে এ মাঠেই শ্বশুরের জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে তার শ্বশুরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে সকাল ৯টায় সৌদি আরব থেকে ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান জামাল নুর। এরপর হেলিকপ্টারে বাগেরহাটের উপজেলার রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে পৌঁছান। 

Advertisement

আরো পড়ুন >>> নারীদের নজর কাড়ছে বাণিজ্য মেলা

জানা গেছে, গত বুধবার রাতে খুলনা সিটি কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৌদিপ্রবাসী জামাই জামাল নুরের শ্বশুর হাফেজ মো. রুহুল আমিন। তার মৃত্যুর খবর পেয়ে জামাল নুর দেশে ফেরার কথা জানান। পরে সব প্রক্রিয়া শেষ করে তিনি দেশে আসেন। জামাল নুর যাতে জানাজায় অংশগ্রহণ করতে পারেন, এ জন্য মৃত্যুর দুই দিন পর তার শ্বশুরের দাফন সম্পন্ন করা হয়। 

হাফেজ রুহুল আমিন দীর্ঘদিন ধরে রায়েন্দা বাজারে কাপড়ের ব্যবসা করতেন। সৎ ব্যবসায়ী হিসেবে স্থানীয়দের মাঝে সমাদৃত ছিলেন তিনি। তার জামাই জামাল নুর ১৫ বছর ধরে সৌদি আরবে রয়েছেন। সেখানে তিনি ঠিকাদারি ব্যবসা করে আসছেন।

আরো পড়ুন >>> সাঁকোয় জীবন পার

জামাল নুর বলেন, একজন মৃত মানুষের দাফন হয়ে যাওয়ার পরে তাকে আর দেখার সুযোগ থাকে না। আমার শ্বশুর আমার বাবার মতো। তাকে একনজর দেখার জন্য ছুটে এসেছি। এমনিতেই আমার দুই দিন দেরি হয়েছে। সড়ক বা নদীপথে যদি আসার চেষ্টা করতাম, তাহলে আরো বেশি দেরি হতো। এ কারণে হেলিকপ্টারযোগে এসেছি।আমার শ্বশুরের জানাজায় অংশগ্রহণ করতে পেরেছি এটাই আমার প্রাপ্তি। মহান আল্লাহর কাছে মরহুমের রূহের মাগফেরাত কামনা করছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!