তিন বন্ধু মিলে বাইকে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই কিশোর আরোহী।
শুক্রবার রাত ৮টার দিকে গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. লিমন। তিনি উপজেলার বিদিরপুর মাদরাসা মোড় এলাকা লুৎফর রহমানের ছেলে। আহত দুজন হলেন- একই এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে মো. সবুজ এবং জাহাঙ্গীর আলমের ছেলে মো. জিলা। দুর্ঘটনায় হতাহত তিন বন্ধু এবং প্রত্যেকেই দশম শ্রেণির ছাত্র বলে পুলিশ জানিয়েছে।
.png)
আরো পড়ুন: নারীদের নজর কাড়ছে বাণিজ্য মেলা
গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, তিন বন্ধু বাইকে চড়ে যাচ্ছিলেন। তখন গোদাগাড়ীর বিজয়নগর-মাটিকাটা ভিতরপাস সড়কের কাঁঠালতলা এলাকায় বালুবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক লিমন নিহত হন। অন্য দুজনকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। এ দুজনের মধ্যে একজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন।
ওসি আরো জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়েছেন। তবে ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। নিহত কিশোরের পরিবার যেভাবে চাইবে, সেভাবেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।