ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে মাদক মামলায় দুই নারীর যাবজ্জীবন 

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ২৫ জানুয়ারি ২০২২
ফেনীতে মাদক মামলায় দুই নারীর যাবজ্জীবন 
আদালতের আদেশ: প্রতীকী ছবি

ফেনীতে মাদকের মামলায় দুই নারীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। এ ছাড়া তাদের দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন ফরিদা বেগম (৩৬) ও হাসিনা বেগম (৩৩)। 

ফরিদা কক্সবাজার সদর উপজেলার ও হাসিনা পেকুয়া উপজেলার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন। আদালতের রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।

Advertisement

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়ি তল্লাশি করে ফরিদা ও হাসিনাকে আটক করে মডেল থানা-পুলিশ। তাদের সঙ্গে থাকা ব্যাগের ভেতর ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। ফেনসিডিলগুলো কুমিল্লার চৌদ্দগ্রামের সীমান্ত এলাকা থেকে চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ঘটনায় ফেনী সদর মডেল থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ একই বছরের ১৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালতের বেঞ্চ সহকারী রাজেন্দ্র কুমার ভৌমিক দুই আসামির সাজার বিষয়টি নিশ্চিত করেছেন। জামিনে ছাড়া পাওয়ার পর থেকে আসামিরা পলাতক। তারা যেদিন আত্মসমর্পণ করবেন বা গ্রেফতার হবেন, সেদিন থেকেই সাজা কার্যকর হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!