নরসিংদীতে ডাকাতের হামলায় ওসি আহত
নরসিংদীর মাধবদীতে একাধিক মামলার আসামি কুখ্যাত অস্ত্রধারী ডাকাত শাহ্ আলমকে ধরতে গিয়ে ডাকাতদের হামলায় আহত হয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান। এ ঘটনায় আমদিয়ার কুখ্যাত ডাকাত শাহ্ আলম ছাড়াও অস্ত্র ও গুলিসহ আরো দুইজনকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।
সোমবার রাত সাড়ে আটটার দিকে নরসিংদীর মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত শাহ্ আলমকে ধরতে আমদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসি সৈয়দুজ্জামান মাথায় আঘাত হন। হামলার পর পর ডাকাতেরা তাদের সঙ্গে থাকা পিস্তল দিয়ে গুলি ছুঁড়ে পালাতে গিয়ে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ পুলিশের হাতে গ্রেফতার হয়।
.png)
আহত ওসি সৈয়দুজ্জামান নরসিংদী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কর্মস্থল মাধবদীতে ফিরে এসেছেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতদের ধরতে গিয়ে তাদের হামলায় মাথায় আঘাত পাই। এ ঘটনায় কুখ্যাত ডাকাত শাহ্ আলমসহ ৩ জনকে আটক করে পুলিশ। তাদের সাথে থাকা একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাদেরকে মাধবদী থানায় নিয়ে আসা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত শাহ্ আলমের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।