ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রী নির্যাতন ও সন্তান হত্যার দায়ে পুলিশ সদস্য কারাগারে

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ৮ ফেব্রুয়ারি ২০২২
স্ত্রী নির্যাতন ও সন্তান হত্যার দায়ে পুলিশ সদস্য কারাগারে
তাজুল ইসলাম রুবেল। ফাইল ছবি

বরগুনায় যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন করে গর্ভের দুই মাসের সন্তানকে নষ্ট করার অভিযোগে তাজুল ইসলাম রুবেল নামে এক পুলিশ সদস্যকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার সকালে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করেন রুবেল। ওই ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। 

রুবেল বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউপির লেমুয়া গ্রামের মোস্তফা গাজীর ছেলে। তিনি পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত রয়েছেন। এ মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।

Advertisement

জানা যায়, ২০২১ সালের ৫ আগস্ট ছুটিতে বাড়ি এসে চাকরির পদোন্নতির জন্য স্ত্রী সুমি আকতারের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন রুবেল। স্ত্রী যৌতুক দিতে অস্বীকার করলে উত্তেজিত হয়ে রুবেল তার গর্ভবতী স্ত্রীর তলপেটে লাথি মারেন। এতে তার স্ত্রী গুরুতর অসুস্থ হন। চিকিৎসাধীন অবস্থায় গর্ভের দুই মাসের সন্তান মারা যায়। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর রুবেলের শাশুড়ি হেলেনা বেগম বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলার তদন্ত শেষে ৩০ সেপ্টেম্বর ওই ট্রাইব্যুনাল রুবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

মামলার বাদী হেলেনা বেগম জানান, রুবেলের স্ত্রী সুমি আক্তার পিরোজপুর পুলিশ সুপার বরাবরে ৭ ফেব্রুয়ারি মামলার বর্ণনা দিয়ে রুবেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। 

বাদী বলেন, ‘মামলার পর থেকে রুবেল আমাকে ও আমার মেয়েকে বিভিন্ন প্রকার হয়রানি ও হুমকি দিয়ে আসছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে বরিশাল ডিআইজি অফিসে নেয়। সেখানে আমরা রুবেলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পরও পুলিশ রুবেলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা নেয়নি। আমার মেয়েকে নির্যাতন ও গর্ভের সন্তান হত্যাকারী পাষণ্ড রুবেলের বিচার চাই। 

পিরোজপুরের এসপি মো. সাইদুর রহমান জানান, তাজুল ইসলাম রুবেল জেল হাজতে যাওয়ার অফিসিয়াল কোনো তথ্য পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!