বুড়িচংয়ে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবাইরচর এলাকায় ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করেছে দেবপুর ফাঁড়ি পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে স্থানীয়দের খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা বাজার সংলগ্ন ডুবাইরচর ডাক্তার সিরাজুল ইসলামের বাড়ির পাশে একটি কালভার্টের নিচে মরদেহ পড়ে আছে। এ খবরের ভিত্তিতে বুধবার বিকেল ৪টার দিকে দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই রাজিব চৌধুরী ও কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আরো পড়ুন: ওয়ানশুটার গান-কার্তুজসহ র্যাবের জালে রাঙ্গুনিয়ার ইয়াকুব
.png)
স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেন জানান, স্থানীয়রা কালভার্টের নিচে ঝোপের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। মরদেহের বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে হবে। মরদেহটি পচে যাওয়ায় পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এসআই কামাল উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে ৮-১০ দিন পূর্বে মৃত্যু হয়েছে। শরীরে পচন ধরেছে। চেহারাও চেনা যাচ্ছে না। নমুনা সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দলকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।