ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধুকে হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০২২
বন্ধুকে হত্যায় পাঁচজনের যাবজ্জীবন
জেলা জজ আদালত, কক্সবাজার

কক্সবাজারে আলোচিত মেহেদী হত্যা মামলায় পাঁচ বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোজাফফর আহমদ হেলালী।

তিনি বলেন, অর্থদণ্ডের টাকা থেকে ১০ হাজার সরকারি কোষাগারে জমা হবে। বাকি টাকা ভুক্তভোগীর মা রোজিনা আক্তারকে দেওয়ার নির্দেশ দেন বিচারক।

Advertisement

দণ্ডিতরা হলেন- কক্সবাজার শহরের বাহারছড়ার বাসিন্দা ফরিদ আহামদের ছেলে মোহাম্মদ ফারুক ওরফে ওমর ফারুক, আবুল বশরের ছেলে শাহেদ, মধ্যম বাহারছড়ার তৈয়বুর রহমানের ছেলে সাগর, জহির আহমদের ছেলে মিঠু ও আমির হোসেনের ছেলে ওয়াসিম। রায় ঘোষণার সময় ফারুক ও শাহেদ উপস্থিত ছিলেন। অপর তিনজন পালাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটির জেরে ২০১০ সালের ২০ এপ্রিল রাত ১০টায় কক্সবাজার শহরের শহিদ মিনার রোডে (বন বিভাগের সামনে) হামলার শিকার হন মধ্য বাহারছড়া এলাকার বাসিন্দা ও আদালতের সাবেক পেশকার মোহাম্মদ সোলাইমানের ছেলে মেহেদি হাসান। পরে আহত অবস্থায় চমেক হাসপাতালে মারা যান তিনি।

অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালি বলেন, ছেলেকে হত্যার দায়ে ২০১০ সালের ২২ এপ্রিল পাঁচজনের নামে সদর থানায় মামলা করেন নিহতের বাবা। দীর্ঘ তদন্ত শেষে এজাহারভুক্ত আসামি হুমায়ুনকে বাদ দিয়ে মধ্যম বাহারছড়ার তৈয়বুর রহমানের ছেলে সাগরকে যুক্ত করে মোট পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!