অভিযান পরিচালনাকালে তাদের কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, ৩টি ককটেল, বোমা তৈরির প্রচুর পরিমাণ সরঞ্জামাদি, ৪টি দা, একটি লোহার রড, একটি হাতুড়ি, একটি পিকআপ, একটি সিএনজি ও ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন মাধবদী থানা এলাকার ছোট বালাপুর গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মো. ইয়াকুব আলী (৪০), ভলবর্দী গ্রামের মনছুর আলীর ছেলে মো. মতিন মিয়া (৩২), শ্যামরাকান্দী গ্রামের আলা উদ্দিনের ছেলে মো. হাসান আলী (২২) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পরাবর্দী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আইনুল হক (২৪), বালিয়াপাড়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে মো. ইয়াকুব (১৯), নয়নাবাদ গ্রামের রশিদ ভূইয়া ছেলে মো. রনি ভূইয়া (২৬), একই গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে মো. শরীফুল ইসলাম (২৬) ও বালিয়াপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. আল আমিন (২৩)।
.png)
বৃহস্পতিবার বিকেলে নরসিংদী পুলিশ সুপার কার্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সাহেব আলী পাঠান এ তথ্য জানান। আটককৃত ৮ ডাকাতের মধ্যে ৩ জন নরসিংদীর মাধবদী এলাকার এবং ৫ জনের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বিভিন্ন এলাকায়।
এএসপি জানান, কোতয়ালীর চর বিলপাড়ের একটি পরিত্যক্ত ইটভাটার ভেতরে একদল ডাকাত অবস্থান করছে বলে খবর আসে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ ৮ জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ডাকাত দলের সদস্য ইয়াকুব আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এছাড়া ডাকাত দলের অন্য সদস্যদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।