সন্ধ্যার পর ঘরের বাইরে বেরোলেই শিক্ষার্থীরা গ্রেফতার
করোনাকালীন সময়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ ব্যাহত হচ্ছে। অনলাইনে ক্লাস চললেও সেখানে শিক্ষার্থীরা বেশি অংশগ্রহণ করছে না। সন্ধ্যার পরে পড়া বাদ দিয়ে বিভিন্ন এলাকায় এক জায়গায় বসে শিক্ষার্থীরা মোবাইল গেমিংসহ বিভিন্ন আড্ডায় মজে থাকছে।
সন্ধ্যার পরে তাদের ঘরে রাখতে গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মুকসুদপুর থানা পুলিশ। সন্ধ্যার পর ঘরের বাইরে থাকলেই তাদের গ্রেফতার করা হবে। তারই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে মুকসুদপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন শিক্ষার্থীকে আটক করা হয়। পরদিন রোববার সকালে তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
আটককৃতরা হলো, মুরছালিন ফকির, লিমন সরদার এবং হানিফ মোল্যা।
.png)
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (বিপিএম, পিপিএম) মহোদয়ের নির্দেশনা মোতাবেক মুকসুদপুর থানা এলাকায় সন্ধ্যার পরে কোনো শিক্ষার্থী বাড়ির বাইরে থাকলে তাদের গ্রেফতার করে অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে। এরপর তাদের আবার গ্রেফতার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনজনকে আটক করে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।