ঘরে উঁকি দিতেই বোনের চিৎকার, দেখলেন ‘অসুস্থ’ ভাইয়ের ঝুলন্ত দেহ
নরসিংদীর রায়পুরায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার রায়পুরা ইউনিয়নের দঁড়ি সাপমারা গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম হান্নান মিয়া। ৫৫ বছর বয়সী হান্নান দঁড়ি সাপমারা গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তার সংসারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানায়, দুই-তিন বছর ধরে প্যারালাইসিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন হান্নান। রোববার দুপুরে খাবারের পর আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান পরিবারের সদস্যরা। এ সুযোগে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘরের দরজা-জানালা খোলা থাকায় ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দেন হান্নানের বোন। পরে আশপাশের লোকজন এসে স্বজনদের খবর দেন।
হান্নানের বোন নূরনাহার বলেন, বিকেলে ভাইয়ের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম। এ সময় দরজা-জানালা খোলা থাকায় উঁকি দিতেই ঘরে ঝুলন্ত মরদেহ দেখে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরে ভাইয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।
রায়পুরা থানার এসআই মোরাদ হোসেন জানান, মরদেহটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।