রাস্তায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাড়ি ফিরে প্রাণ দিলেন স্বামী
রাজশাহীর বাঘায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে বাড়ি ফিরে বাদশা আলী প্রামাণিক নামে ৩৬ বছরের এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বাদশা একই গ্রামের উজির আলী প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানায়, এক সন্তান নিয়ে ঢাকায় ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন বাদশার স্ত্রী। আর দুই সন্তান নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন বাদশা।
স্বজনরা জানান, ঋণগ্রস্ত ছিলেন বাদশা। এছাড়া তার স্ত্রীও তার কথা মানতেন না। ফলে প্রায়ই স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি হতো। এ নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকতো। সম্প্রতি দুই সন্তানকে রেখে ঢাকায় যান বাদশা। কয়েকদিন আগে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন তিনি। সোমবার ফের ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। কিন্তু পথে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি ও ঝগড়া হয় তার।
এরপর ঢাকায় না গিয়ে বাড়ি ফিরে আসেন বাদশা। কিন্তু এক সন্তানকে নিয়ে ঢাকায় চলে যান তার স্ত্রী। রাতে দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। কিন্তু সকালে ঘরে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ঘর থেকে বাদশার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।