ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারালেন বড় বোন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় বোন আমেনা বেগম নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের ভৈরবপুর গাছতলাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম তিন সন্তানের জননী। তার স্বামী নাঈম মিয়া সৌদি প্রবাসী। অভিযুক্ত ভাই মো. কাল্লু মিয়া ভৈরবপুর গাছতলাঘাট এলাকার মো. আব্দুল গফুর মিয়ার ছেলে। তিনি পেশায় ভাঙারি ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, বাবার বাড়ির সম্পত্তি পাওয়ার পর থেকে সেখানেই বাড়ি করে বসবাস করতেন আমেনা বেগম। মঙ্গলবার সন্ধ্যায় ছোট ভাই কাল্লু মিয়ার সঙ্গে বড় বোন আমেনার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরি দিয়ে আমেনাকে আঘাত করেন ভাই কাল্লু। গুরুতর অবস্থায় স্থানীয়রা আমেনাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভৈরব থানা পুলিশ।
.png)
ভৈরব থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্ত ভাই কাল্লু মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।