ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৭, ১১ জানুয়ারি ২০২৪
জামালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত
ফাইল ছবি

জামালপুর সদরে সড়ক দুর্ঘটনায় খালেদা খানন খুশি (৪০) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় জামালপুর-নান্দিনা-ময়মনসিংহ সড়কের নান্দিনা বাজারের অদূরে অনন্তবাড়ী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খালেদা খানন খুশি জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি শ্রীপুর গ্রামের বাসিন্দা ও শ্রীপুর টিপিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হুদা রিপনের স্ত্রী।

নিহত স্কুল শিক্ষিকা খালেদা খানন খুশির ভাসুর নাজমুল হুদা মিঠু জানান, আমার ভাই মঞ্জুরুল হুদা রিপন তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে জামালপুর শহরে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে আমার ছোট ভাই রিপন তার স্ত্রী ও ছোট ছেলেকে মোটরসাইকেলে নিয়ে শ্রীপুর যাচ্ছিলেন। জামালপুর-নান্দিনা-ময়মনসিংহ সড়কের অনন্তবাড়ী এলাকায় পৌঁছলে রাস্তায় একটি কুকুরকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের পিছন থেকে তারা রাস্তায় ছিটকে পড়েন।

Advertisement

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নান্দিনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক খালেদা খানন খুশিকে মৃত ঘোষণা করেন। তবে এ দুর্ঘটনায় শিশু ছেলেটির কোনো ক্ষতি হয়নি।

জামালপুর সদর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর জানান, বিষয়টি আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জুয়েল আশরাফ জানান, এ ঘটনায় আমরা শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!