সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে মহানগরীর লবণচরা থানাধীন মাথাভাঙ্গা এলাকায় খুলনা রিভারভিউ পার্কের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত আরিফ শিকদার ওই এলাকার বাসিন্দা আবুল কালাম শিকদার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আরিফ শিকদার খুলনা রিভারভিউ পার্কের সামনে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ছয়জন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আরিফকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
.png)
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার বুকের ডান পাশে একটি গুলি বিদ্ধ হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, মাথাভাঙ্গা এলাকায় খুলনা রিভারভিউ পার্কের সামনে আরিফ শিকদার নামে এক যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায় এবং পরে তাকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা শুরু করেছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে হামলার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা অন্য কোনো বিরোধের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।