ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের দুই হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৩, ৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের দুই হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ‘ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এ ঘোষণা দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও ইউনিসেফের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী। বিশেষ অতিথি ছিলেন ঢাকার ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক সরকার সারোয়ার আলম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম।

Advertisement

জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ। এর বিস্তার রোধে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গত ২৫ জুলাই থেকে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি শনিবার জেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, সরকারি কার্যালয়ের প্রাঙ্গণ ও ছাদ, পুকুর, জলাশয়সহ ডেঙ্গুর প্রজনন ও বিস্তারের ঝুঁকি রয়েছে—এমন বিভিন্ন স্থান এ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী শনিবার জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

জেলা প্রশাসক বলেন, ‘এই উদ্যোগ শুধু ডেঙ্গু প্রতিরোধের জন্য নয়; পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলার একটি সামাজিক আন্দোলন। পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব।’

মসজিদ ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। মসজিদ ও মসজিদ প্রাঙ্গণ যেন মানুষের জন্য পরিচ্ছন্ন ও নির্মল প্রার্থনার স্থান হয়। সবার সামর্থ্য এক নয়, কিন্তু এ কাজে আন্তরিকতার ঘাটতি থাকা উচিত নয়।’

কর্মশালায় ধর্মীয় নেতাদের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, মসজিদ ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশাসনের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক নেতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!