ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে পর্যটন উন্নয়নে অংশীজনদের সঙ্গে মতবিনিময়

আবুবকর ছিদ্দিক বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বান্দরবানে পর্যটন উন্নয়নে অংশীজনদের সঙ্গে মতবিনিময়
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা

পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন শিল্পের সম্ভাবনা কাজে লাগানো, বিদ্যমান সমস্যা নিরসন এবং পর্যটন খাতকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি। সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।
সভায় বান্দরবান সেনা জোন ও জেলা বিজিবির প্রতিনিধিসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে বান্দরবান রিসোর্ট সমিতির সভাপতি, হোটেল মালিক সমিতির সভাপতি এবং জেলার সাত উপজেলার পর্যটন গাইড সমিতির সভাপতিসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলার পর্যটন সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগানো, পর্যটনকেন্দ্রগুলোর সুযোগ-সুবিধা বৃদ্ধি, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও গাইডদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় পর্যটনসংশ্লিষ্টরা মাঠপর্যায়ের বিভিন্ন অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বান্দরবানে পর্যটকদের আসা-যাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার বিষয়ে জোর দাবি জানানো হয়। পাশাপাশি হোটেল-মোটেল মালিক, ট্যুর অপারেটর, পরিবহন ব্যবসায়ী ও পর্যটন গাইডদের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
মন্ত্রী বলেন, বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, ঝরনা ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে ঘিরে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে টেকসইভাবে কাজে লাগাতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পর্যটন অবকাঠামোর উন্নয়ন, পর্যটনকেন্দ্রে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করা গেলে এ খাত জেলার অর্থনীতি ও কর্মসংস্থানে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় স্থানীয় প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পর্যটনসংশ্লিষ্টদের উত্থাপিত সমস্যা ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সমন্বিত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ রক্ষা করে পর্যটন শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট অংশীজনরা বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!