মাটিরাঙ্গায় ইকরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মেধা বিকাশের লক্ষ্যে ইকরা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন কর্তৃক অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলার ১৪টি বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবুল হাশেম। এ সময় কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম।
বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, ধর্ম, আইসিটিসহ মোট ১০০ নম্বরের মোট ৩ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৩১ ডিসেম্বর বৃত্তির ফলাফল প্রকাশসহ জানুয়ারির প্রথম সপ্তাহে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাছাইপূর্বক ১৫ জন শিক্ষার্থীদের সাধারণ ও পাঁচজনকে ট্যালেন্টপুল বৃত্তি দেওয়া হবে। প্রাপ্তদের সনদ ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হবে।
অভিজ্ঞতাভিত্তিক শিখন ফল অর্জনের জন্য পড়াশোনা করতে হবে জানিয়ে ইকরা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আলাউদ্দিন আল হেলাল বলেন, শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে এবং নিজেদের মেধা বিকাশে আগ্রহী করে তুলতে সংগঠনটির ক্ষুদ্র প্রয়াস। বৃহৎ স্বার্থে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে
মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হাশেম বলেন, শিক্ষা প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয়। এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে পরবর্তী শ্রেণিতে আরো ভাল ফলাফল করতে উৎসাহ প্রদান করবে।
প্রসঙ্গত, উপজেলার ৬০সদস্য বিশিষ্ট ইকরা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন টি একটি অরাজনৈতিক শিক্ষা ও জনকল্যাণ মূলক সংগঠন। সংগঠনটি ২০২১ সালে প্রতিষ্ঠা হবার পর থেকে মাটিরাঙ্গায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছে। বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান, করোনাকালীন গরিব ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচিসহ এরূপ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। এছাড়া বিভিন্ন সময়ে অত্র উপজেলার স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, এবারই প্রথম উপজেলার স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে, এ ব্যবস্থা চালু থাকবে বলে জানান সংগঠনটির কর্তৃপক্ষ।