র্যাগিং করলেই বহিষ্কার- মাভাবিপ্রবি ভিসি
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বলেছেন ‘র্যাগিং করলেই উপযুক্ত শাস্তি পাবে, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং তার চেয়েও বড় কিছু হয়, সেটা করতেও আমরা কার্পণ্যবোধ করব না।’
রোববার (২২ জানুয়ারি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সে নতুন ভর্তিকৃত সব বিভাগের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন আরো বলেন, ‘আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীদের কোনো অবস্থাতেই যেন সমস্যার সৃষ্টি না হয়, আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীরা এখানে জ্ঞান অর্জনের জন্য এসেছে, মুক্তবুদ্ধির চর্চা করতে এসেছে। ওদের (নবীনদের) যেন ভয় ভীতি দেখানো না হয়, ওদের সভ্যতা ভদ্রতা শেখানো তোমাদের (সিনিয়রদের) দায়িত্ব নয়। তোমরা (সিনিয়রদের) ভদ্রতা ও সভ্যতার নামে অভদ্রতা ও অসভ্যতা করো, তাহলে দেখবে কত বড় শাস্তি হতে পারে। তোমাদের (নবীনদের) বলছি বলছি, এক বিন্দুও ভয় পাবে না, সরাসরি রিপোর্ট করবে।'
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. আর. এম সোলাইমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, সব অনুষদের ডিন, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এ. এস. এম. সাইফুল্লাহ, প্রক্টর, সব বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে ১৫ জানুয়ারি। ২২ জানুয়ারি নবীনদের প্রবেশিকা অনুষ্ঠান কেন্দ্রীয়ভাবে সম্পন্ন করে মাভাবিপ্রবি। মাভাবিপ্রবিতে কেন্দ্রীয়ভাবে নবীনবরণ ও প্রবেশিকা অনুষ্ঠান ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের পরে অন্য কোন সেশনে অনুষ্ঠিত হয়নি। প্রায় চার বছর পরে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান কেন্দ্রীয়ভাবে আয়োজন করল বিশ্ববিদ্যালয়টি।