ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

‘মা’ ডেকে দরজার সামনে পড়ে গিয়ে জামাইয়ের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৯, ১০ এপ্রিল ২০২৩
‘মা’ ডেকে দরজার সামনে পড়ে গিয়ে জামাইয়ের মৃত্যু!
‘মা’ ডেকে দরজার সামনে পড়ে গিয়ে জামাইয়ের মৃত্যু!- ফাইল ছবি

শ্বশুরবাড়ি বেড়াতে এসে অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম বাবুসোনা দাস। পেশায় রাজমিস্ত্রি বাবুসোনাকে তার শ্বশুরবাড়ির লোকজন খুন করেছে বলে অভিযোগ পরিবারের। এ নিয়ে পশ্চিমবঙ্গের হুগলি জেলার উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ জানায়, মুর্শিদাবাদ সালারের বাসিন্দা বাবিসোনা দাস (২৮)। দু’দিন আগে তিনি হুগলির কোন্নগরের নবগ্রামে শ্বশুরবাড়িতে আসেন। শনিবার স্থানীয় এক ঠিকাদার স্বপন দাসের কাছে গিয়েছিলেন কাজের ব্যাপারে। ওই ঠিকাদার জানান, বাবুসোনা তার সঙ্গে দেখা করার পর সন্ধ্যায় শ্বশুরবাড়ি যান। কিন্তু কিছুক্ষণ পরই বাবুসোনার ভাইয়ের ফোন পান তিনি। জানান, তার দাদাকে কেউ ছুরি মেরেছে বলে খবর পেয়েছেন। অ্যাম্বুল্যান্সে করে তাকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই মৃত্যু হয়।

তিনি আরো জানান, পাঁচ মাস আগে বাবুসোনা কাজের সূত্রে উত্তরপাড়া এলাকায় এসেছিলেন। তার পর আবার দিন দুই আগে শ্বশুরবাড়িতে আসেন। অন্যদিকে, বাবুসোনার পরিবারের অভিযোগ, তাকে শ্বশুরবাড়ির লোকেরাই খুন করেছে। যদিও কী কারণে খুন হতে পারেন, তা তাদের অজানা বলে জানান। শ্বশুরবাড়ির লোকজন ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

মৃতের শাশুড়ি মিনতি দাস বলেন, ‘‘জামাই এখানে রাজমিস্ত্রির কাজ করত। শনিবার বাড়ির বাইরে কারও সঙ্গে ওর ঝগড়া হয়। ‘মা’ ডাক শুনে বাইরে এসে দেখি জামাই পড়ে যাচ্ছে। আমি তাকে গিয়ে ধরি। একজনকে তখন পালিয়ে যেতে দেখেছি। কী হয়েছিল, কে মারল সে সব ব্যাপারে কিছুই বলতে পারেনি জামাই।’’ 

বাবুসোনার বাবা গোবর্ধন দাসের দাবি, ছেলে শ্বশুরবাড়িতে ছিল। সেখানে তাকে কেউ খুন করেছে। তিনি বলেন, ‘‘কে মেরেছে জানি না। তবে ওর শাশুড়ি তো বাড়িতে ছিলেন।’’ 

ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের এক পদস্থ পুলিশ আধিকারিক জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে। শীগ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!