ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

অবৈধ ইটভাটা উচ্ছেদে বাধা কাটল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৩, ৮ এপ্রিল ২০২১
অবৈধ ইটভাটা উচ্ছেদে বাধা কাটল
ফাইল ছবি

চট্টগ্রামের কয়েকটি ইটভাটাকে ৪৫ দিনের মধ্যে উচ্ছেদ না করার হাইকোর্টের নির্দেশনা স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে এসব ইটভাটা উচ্ছেদে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। পরে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, বিচারপতি মো. মজিবর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার আদালত গত বছরের ১৪ ডিসেম্বর চট্টগ্রামে অবৈধভাবে পরিচালিত সব ইটভাটা বন্ধ করার নির্দেশা দেন।

Advertisement

ওই আদেশের বিরুদ্ধে একাধিক আপিল দায়ের করা হলেও শুনানি শেষে চেম্বার জজ আদালত কোনো স্থগিতাদেশ দেননি। পরে উচ্ছেদ আদেশ সম্পূর্ণভাবে পালিত না হওয়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের ওপর হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করেন।

এর মধ্যে চট্টগ্রামের কয়েকজন ইটভাটা মালিক তথ্য গোপন করে পুনরায় অপর একটি আদালতে একাধিক রিট দায়ের করে উচ্ছেদ অভিযান স্থগিতের আবেদন জানান। তাদের আবেদনের শুনানি শেষে গত ২২ মার্চ বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার হাইকোর্ট বেঞ্চ ৪৫ দিনের সময় মঞ্জুর করেন এবং এর মধ্যে উচ্ছেদ না করার নির্দেশ দেন। 

হাইকোর্টের এই স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের পক্ষে আবেদন দায়ের করা হয়। সেই আবেদনের শুনানি শেষে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এ আদেশের ফলে ইটভাটাগুলো উচ্ছেদে আর কোনো বাধা নেই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!