ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

লঞ্চে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটির প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৯, ২৮ ডিসেম্বর ২০২১
লঞ্চে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটির প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট
এমভি অভিযান-১০ লঞ্চ

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ৩০ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার এ সংক্রান্ত পৃথক দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ ও সৌমিত্র সরদার।

Advertisement

এর আগে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবারকে ৫০ লাখ ও গুরুতর আহতদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। 

একইসঙ্গে রিটে ওই লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চাওয়া হয়। 

গত ২৬ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। রুল জারির পাশাপাশি ক্ষতিগ্রস্তদের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ক্ষতিপূরণ দিতে রিটে আরজি জানানো হয়।

অন্যদিকে সারাদেশে লঞ্চ ও জাহাজের ফিটনেস, রুট পারমিট, লাইসেন্স ও নিরাপত্তা সামগ্রীর হালনাগাদ তথ্য চেয়ে হাইকোর্টে আরেকটি রিট দায়ের করা হয়। 

গত ২৬ ডিসেম্বর আইনজীবী সৌমিত্র সরদার এ রিট দায়ের করেন। রিটে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এবং তাদের অবহেলা ছিল কিনা তা খুঁজে বের করার আবেদন জানানো হয়। পাশাপাশি ঐ দুর্ঘটনায় প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়।

এর আগে, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনা যাওয়ার সময় ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো প্রায় অর্ধশত যাত্রীর খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!